পুলিশের তেজগাঁও বিভাগকে জাতিসংঘের প্রশংসাপত্র

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৮

ছিনতাইকৃত মালামাল উদ্ধার

বিশেষ প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলানগর এলাকায় আইএলও-তে কর্মরত এক সদস্যের ছিনতাইয়ের মালামাল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। এ ঘটনায় জাতিসংঘ প্রশংসাপত্র দিয়েছে পুলিশের তেজগাঁও বিভাগকে। গত বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহর কাছে এ প্রশংসাপত্র পাঠান জাতিসংঘের সেফটি ও সিকিউরিটি ডিভিশনের উপদেষ্টা রমেশ চন্দ্র সিং।

প্রশংসাপত্রে রমেশ চন্দ্র সিং বলেন, আইএলও-তে কর্মরত প্রতীক রঞ্জন বিশি গত ৪ জুন রাত ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভার ব্রিজ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি শেরেবাংলানগর থানায় অভিযোগ করেন। পরবর্তীকালে শেরেবাংলানগর থানা পুলিশ ছিনতাইয়ের মালামাল উদ্ধার করে প্রতীক রঞ্জন বিশির কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ পুলিশের প্রশংসা করে রমেশ চন্দ্র সিং আরো বলেন, চুরি হওয়া বা ডাকাতির সম্পত্তি পুনরুদ্ধার করা এবং তা যথাযথ মালিকের কাছে ফেরত দেওয়া পুলিশের কাজগুলোর মধ্যে অন্যতম কঠিন এবং গর্বিত বিষয়।

রমেশ চন্দ্র সিং জাতিসংঘের পক্ষ থেকে তেজগাঁওয়ে পুলিশের ডিসির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি শেরেবাংলানগর থানার অভিযানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।