দুই যুগ পর মঞ্চে আফজাল হোসেন

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:২৮

 বিনোদন প্রতিবেদক

 

দীর্ঘ দুই যুগ পর মঞ্চে আসছেন বরেণ্য  অভিনেতা আফজাল হোসেন। নাটকের নাম ‘পেন্ডুলাম’। নাটকটি লিখেছেন মামুম রেজা এবং নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। এই করোনাকালীন নাটকটির ভাবনা, গল্প তৈরি ও রিহার্সেলের কাজ শুরু হয়।

মাসুম রেজা বলেন, ‘এটি এক নাগরিক জীবনের সার্বিক সংকট নিয়ে তৈরি। যে কি-না একসময় তুমুল ব্যস্ত থাকায় কাউকেই সময় দিতে পারেনি। অবশেষে তার এক ধরনের অনুধাবন হয়। অনেকের জীবনকেই এই পেন্ডুলাম নাটকের ভেতরে সম্পর্কিত করতে পারবেন।’

নাটকটি এই করোনা সংকটেই তিন গুণীর ভাবনাপ্রসূত একটি প্রযোজনা। বর্তমান এই সংকট পেরুলেই একটি ভালো সময়ে নাটকটির মঞ্চায়ন শুরু হবে।

আফজাল হোসেন বলেন, ‘আমরা অনলাইনে দীর্ঘ কয়েকমাস এটির রিহার্সেল ও বিন্যাসের কাজ সম্পন্ন করেছি। এখন শুধু ভালো একটি সময়ের অপেক্ষা। একটি নাটক মঞ্চে গড়ালে তখন তো নিয়মিত সময় দিতে হবে আমাকে। সেই প্রস্তুতি নিয়েই পেন্ডুলামে অংশ নিয়েছি। দেখা যাক, ভালো কিছুই হবে আশা করছি।’ নাটকটির ৩টি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, নাজনীন চুমকি ও কামাল।

মাসুম রেজা আরো বলেন, ‘আফজাল ভাইয়ের অভিনয়শৈলী নিয়ে তো কিছু বলার নেই। তবে আমাদের দুই নাট্যদলের সকল সদস্যই এই প্রডাকশনটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। দীর্ঘ এই বৈশ্বিক সংকটে আমরা মূলত দম বন্ধ পরিবেশে পড়ে আছি। সেখান থেকে বের হয়ে পেন্ডুলামের মঞ্চায়নের অপেক্ষায় আমি নিজেও।’

উল্লেখ্য, নাটকটি ঢাকা থিয়েটার ও দেশ নাটকের যৌথ প্রযোজনায় মঞ্চায়িত হবে।