অটল লিখেছেন আসিফের জীবন

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৩০

 বিনোদন রিপোর্ট

 

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের জীবন নিয়ে এবার প্রকাশ পাচ্ছে জীবনী গ্রন্থ। এই গ্রন্থটি লিখেছেন সাংবাদিক ও লেখক সোহেল অটল। শিগগিরই বইটি প্রকাশিত হবে। উল্লেখ্য, কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবন মানেই বিতর্ক, রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প। কণ্ঠশিল্পী হিসেবে আসিফের উত্থান, রাজনীতির মঞ্চে আবির্ভাব কিংবা মামলা মাথায় নিয়ে হাজত বাস, এ সবই যেন আসিফ আকবরের বর্ণিল জীবনকে প্রকাশ করে। আসিফের জীবনের এই ঘটনাগুলোই বইটিতে তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নানা সময়ে পত্র-পত্রিকা কিংবা টেলিভিশন ইন্টারভিউয়ে আমার জীবনের খণ্ডিত অংশ উঠে এসেছে। সবসময় সব কথা বলতেও পারিনি। এবার মনে হলো জীবনী গ্রন্থে সেসব অজানা গল্প লিপিবদ্ধ হয়ে থাকুক। সোহেল অটল বেশ ভালো লেখেন। তাকেই এটা লেখার উপযুক্ত মনে হয়েছে আমার।’ সোহেল অটল বলেন, ‘গল্প লেখক হিসেবে শিল্পী আসিফ আকবরের জীবনের ঘটনাপ্রবাহ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তার জীবনের পরতে পরতে রোমাঞ্চ রয়েছে। যা একজন ফিকশন রাইটার হিসেবে আমাকে উদ্বুদ্ধ করেছে। তার জীবনের না বলা ঘটনাপ্রবাহের প্রতি সাধারণ মানুষেরও আগ্রহ রয়েছে। এই গ্রন্থে এমন কিছু থাকছে, যা অনেককেই চমকে দিতে পারে।’