হায়দার হোসেনের নতুন গান

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৩০

তিন দশকেরও বেশি সময় ধরে ব্যতিক্রমধর্মী গান করার কারণেই শিল্পী হায়দার হোসেন শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটার বাদক। গানে গানে তিনি তুলে ধরেন আমাদের জীবনের নিত্য-নৈমিত্তিক ঘটনা। তিনি মূলত সমাজ, মানবতা ও দেশের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গান করে থাকেন। তারই ধারাবাহিকতায় নতুন আরো একটি গান নিয়ে হাজির হচ্ছে গুণী এই সংগীতশিল্পী। গানটির শিরোনাম ‘ভাবতে কী লাগে ভালো’। সব সময়ের মতো গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন হায়দার হোসেন। গানটির সুর ও সংগীত করেছেন অনিক ফয়সাল। গানটিতে লিড গিটার বাজিয়েছেন ওয়ারফেজের কমল। গানটি ১৭ জুন হায়দার হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমার গানের প্রথম দুটি লাইন শুনলেই বুঝতে পারবেন আমি গানটি কাদের নিয়ে লিখেছি। এই সময় নিম্নমধ্যবিত্ত মেয়েরা যে সব ভুল করছে, তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গানের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই কমলকে। তার কারণে এমন একটি গান করতে আমি সাহস করেছি। একটা গানের যে গল্প আছে তা কমল তার গিটারের সুরে ফুটিয়ে তুলেছে।’ এ প্রসঙ্গে ওয়ারফেজের গিটারিস্ট কমল বলেন, ‘এমন একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। হায়দার ভাইকে চিনি অনেক আগে থেকে। এই প্রথম তার কোনো গানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’ হায়দার হোসেনের প্রায় সব গানের সুর ও সংগীত করেন অনিক ফয়সাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হায়দার ভাই সবসময় গান করেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। আমরা একটি মিউজিক ভিডিও করার পরিকল্পনা করছি।’