মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকড়াইল গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন মিয়ার হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। মাকড়াইল বাজার চৌরাস্তায় গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে দুই সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় নিহত জাহাঙ্গীরের চাচা ও কামালদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাশার, জাহাঙ্গীরের পিতা মো. হারুন অর রশিদ ওরফে হিরু মিয়া, জাহাঙ্গীরের বড় মেয়ে ঢাকার ভিকারুন্নেসা নূন স্কুলের ছাত্রী মাহমুদা জাহান জ্যোতি, কালপোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে পিতার খুনিদের বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে অংশ নেয় নিহতের চার বছর বয়সি শিশুপুত্র শাফিন মাহমুদ সামী ও ১৩ বছর বয়সি ছোট মেয়ে ঢাকার ভিকারুন্নেসা স্কুলের ছাত্রী জান্নাতুল জাহান প্রীতি। মানববন্ধনে জাহাঙ্গীরের বাবা হারুন অর রশিদ হিরু মিয়া বলেন, ১১ দিন আগে নৃশংসভাবে জাহাঙ্গীর হোসেনকে হত্যার পর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। নিহতের মেয়ে মাহমুদা জাহান জ্যোতি কান্নাজড়িত কণ্ঠে বলেন, গ্রামে মাদক, সন্ত্রাস ও উত্ত্যত্তকরণের প্রতিবাদ করায় বাবাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
