চাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৫৫

চট্টগ্রামে দরিদ্র ও অসহায় নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দুই নারীসহ ছয় জনকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানার বিভিন্ন বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চার জন নারীকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—বাবুল, নয়ন, শহীদ, আব্দুল হালিম, মালা বেগম ও সালমা বেগম। গতকাল শুক্রবার র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানান, তারা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসহায় নারী ও শিশুদের শহরে এনে জোরপূর্বক পতিতাবৃত্তিতে নিয়োজিত করেন এবং পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে তাদের বিক্রি করেন।