পুতিনের বিলাসবহুল বিমান, আছে সোনায় মুড়ানো টয়লেট

আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৫৯

সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন জেনেভায় পৌঁছেছিলেন সুপরিচিত বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে। আর পুতিন পৌঁছান ‘ফ্লাইং ক্রেমলিন’ নামের একটি বিমানে করে।

ভ্লাদিমির পুতিনের কিছু সাহসিক কর্মকাণ্ডের কথা অনেকেই জানেন। কিন্তু তার এই বিমান সম্পর্কে এর আগে খুব কমই জানা গেছে। এই বিমানের সবখানে রয়েছে বিলাসিতার ছোঁয়া। এমনকি বিমানের টয়লেটও সোনায় মোড়ানো। সম্প্রতি ব্রিটেনের সংবাদমাধ্যম ডেইলি মিরর এক খবরে বলেছে, পুতিনকে বহনকারী এই বিমানের দাম ৩৯ কোটি পাউন্ড (সাড়ে চার হাজার কোটি টাকা)। বিমানটিতে আছে জিম, পূর্ণ সজ্জিত বার ও বেডরুম। এর প্রতিটি কোনায় চোখে পড়ে রাষ্ট্রীয় আভিজাত্য। নিও-ক্লাসিক্যাল স্টাইলে তৈরি বিমানটির কনফারেন্স কক্ষের টেবিলটিও সোনায় মোড়ানো। একজন প্রভাবশালী রাষ্ট্রনেতাকে বহনের জন্য প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে বিমানটিতে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারেন প্রেসিডেন্ট পুতিন।

খবরে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্টের ব্যবহূত বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ৫৬০ কিলোমিটার।