টিকা উত্পাদনে বাংলাদেশের সক্ষমতার কথা জি-৭কে জানালেন জাতিসংঘ মহাসচিব

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:০১

সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনে করোনা টিকা উত্পাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদরদপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান। গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে গুতেরেস জানান, সম্প্র্রতি অনুষ্ঠিত জি-৭-এর শীর্ষ সম্মেলনে করোনা টিকা নিয়ে তার উদ্যোগের বিষয়ে অবহিত করতে গিয়ে টিকা উত্পাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন। করোনা টিকাকে ‘জনগণের পণ্য’ হিসেবে ঘোষণা দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সব দেশ          যেন টিকা পায় সে ব্যবস্থা করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেওয়ায় মহাসচিবকে তিনি ধন্যবাদ জানান।  

সংস্থাটির বিভিন্ন উদ্যোগে বিশেষ করে শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করে গুতেরেস বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।