আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে। গতকাল শুক্রবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রতিশোধপ্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এদেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। তাদের রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ওবায়দুল কাদের দলের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৩ জুন সূর্যোদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্ব্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। ২৩ জুন বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভা।
সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
