বাইডেন খুবই পেশাদার বন্ধুত্বপূর্ণ বৈঠক হয়েছে :পুতিন

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:০৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসা করে বলেছেন, তিনি (বাইডেন) খুবই পেশাদার এবং সব বিষয়ে ওয়াকিবহাল। বাইডেনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে বলে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন। খবর সিএনএনের

বৃহস্পতিবার রাশিয়ার গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের গ্র্যাজুয়েটদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করতে গেলে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তার সঙ্গে বৈঠকের সময় কোনো কিছু মিস করা যাবে না। তিনি বলেন, ‘আমি নিজেও কোনো কিছু মিস করিনি। আমি তোমাদের আশ্বস্ত করছি এ বিষয়ে। এটা আমার কাছে খুবই পরিষ্কার।’ আমি বলতে চাই যে, প্রেসিডেন্ট বাইডেন কী অর্জন করতে চান তা জানেন। তিনি সেটা অর্জন করতে চান খুবই দক্ষতার সঙ্গে। এর আগে বুধবার প্রেসিডেন্ট পুতিন জেনেভায় প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন। বাইডেন এ সময় মানবাধিকার এবং সাইবার হামলা ইস্যুতে পুতিনের ওপর চাপ প্রয়োগ করেন। রাশিয়ার হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালান বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা খুবই হতবাক করেছে। কারণ গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন মানসিকভাবে সুস্থ নয় বলে প্রচারণা চালানো হয়েছিল। এর পেছনে রাশিয়া ছিল বলে ধারণা করা হয়। রাশিয়া ঐ সময় বিভিন্ন ভুল তথ্য ছড়িয়েছিল বলে অভিযোগ আছে। প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয়েছে বলেও পুতিন জানান। তবে তিনি বৈঠককে ফলপ্রসূ বললেও বাইডেন সেই ধরনের কিছু বলেননি।