নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত তাসকিন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

স্পোর্টস রিপোর্টার

শুক্রবার রাতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। সতীর্থদের কাঁধে ভর দিয়ে বের হয়ে হাসপাতালে গিয়ে এক্সরেও করিয়েছিলেন। গতকাল সকালে আবার এমআরআই করানো হয়। এমআরআই রিপোর্ট থেকে আসল খারাপ সংবাদ।

অ্যাঙ্কেলে পাওয়া চোটের কারণে তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাসকিনকে। যার ফলে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজটা খেলা হচ্ছে না তার। টেস্ট সিরিজে ফেরাটাও অনিশ্চিত হয়ে পড়েছে। আজই ওয়ানডে দলে তাসকিনের বদলি ঘোষণা করবেন নির্বাচকরা।

গতকাল সন্ধ্যায় কথা বলার সময় হতাশা লুকাতে পারেননি তরুণ এই পেস বোলার। বলেছেন, ‘সবকিছু ঠিকই হচ্ছিল। শেষ ম্যাচে এসে ইনজুরিতে পড়ে গেলাম। তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে। ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না। কিছু বলার নাই। বারবারই এমন হচ্ছে। ইনশাল্লাহ আমি ফিরবো।’ 

চোটের মিছিল পাড়ি দিতে দিতে ২০১৮ সাল কাটানোর পর বিপিএলে দুর্দান্তভাবে ফিরেছেন তাসকিন। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি।