করোনা আক্রান্ত ও উপসর্গসহ প্রতিদিন শতাধিক মানুষ রামেক হাসপাতালে যাচ্ছেন

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:১০

করোনায় আক্রান্ত হয়ে ও এ রোগের উপসর্গসহ প্রতিদিন শতাধিক মানুষ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সার জন্য যাচ্ছেন। কিন্তু তাদের সবাই ভর্তির সুযোগ পাচ্ছেন না। যাদের অক্সিজেন চাহিদা রয়েছে এবং শারীরিক অবস্থা খারাপ কেবল তারাই হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছে। এদের ছয় জন করোনা পজিটিভ (রাজশাহী তিন, চাঁপাইনবাবগঞ্জ এক, নাটোর এক ও নওগাঁ এক) এবং এক জন নেগেটিভ (চাঁপাইনবাবগঞ্জ) ছিলেন। বাকিরা (রাজশাহী দুই, নাটোর এক, নওগাঁ দুই) করোনার উপসর্গ নিয়ে মারা যান। অন্যদিকে চলতি মাসের ১৮ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৮৩ জন। এর মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ ছিল। বাকিদের উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন। শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনা আক্রান্ত ও উপসর্গসহ ভর্তি ছিলেন ৩৪৯ জন। আগের দিন ভর্তি ছিলেন ৩৫৮ জন। বৃহস্পতিবার দুই ল্যাবে চার জেলার ৫৬১ নমুনা পরীক্ষায় ২২০ জনের পজিটিভ এসেছে। এরই মধ্যে রাজশাহীর শনাক্তের হার ৪৩.৮৭%, চাঁপাইনবাবগঞ্জে ৩০.৫০% ও নাটোরে ৩০%। 

হাসপাতালের পরিচালক ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে প্রথমে ১০টি করোনা আইসিইউ শয্যা ছিল। বর্তমানে ২০টি হয়েছে। করোনা রোগীদের জন্য একের পর এক সাধারণ ওয়ার্ডকে করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। কেবিন ও ওয়ার্ড মিলিয়ে করোনা শয্যার সংখ্যা বর্তমানে ৩০৯টি। সম্প্রতি ঘোষিত নতুন করোনা ইউনিটের ১৫ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত আরো ১৫টি শয্যার ব্যবস্থা করা সম্ভব হবে।

চাঁপাইনবাবগঞ্জে করোনায় আরো চার মৃত্যু, আক্রান্ত ৭৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে চার জন মারা গেছেন। এদের মধ্যে জেলা হাসপাতালে দুই জন ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯৭ জনে। অন্যদিকে আরটিপিসিআর ল্যাব, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও জিন এক্সপার্ট টেস্টে ৩৯৫ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গড় শনাক্তের হার ১৮.৯৮ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭২ জন রোগী চিকিত্সা নিচ্ছে এবং জেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৩৯৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ২০১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।