বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’র ফরাসি সংস্করণের মোড়ক উন্মোচন

আপডেট : ১৮ জুন ২০২১, ২২:১১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই ‘কারাগারের রোজনামচা’-এর ফরাসি সংস্করণ ‘জার্নাল ডা প্রিজন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি নিউ ইয়র্ক থেকে অনলাইনে সংযুক্ত হন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফরাসি লেখক, দার্শনিক ও চলচ্চিত্রকার বার্নার্ড হেনরি লেভি। বিশেষ বক্তা হিসেবে ঢাকা থেকে অংশ নেন জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির মুখ্য সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ গ্রন্থের অনুবাদক প্রফেসর ফিলিপে বেনেইত, বইটির প্রকাশক সংস্থা স্লাটকিন অ্যান্ড সাই-এর প্রতিনিধি বার্ট্রান্ড ফ্যাবরেউল।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বঙ্গবন্ধু তার জীবনের ১৩টি বছর পাকিস্তানের কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই কিন্তু তার জীবনাদর্শ আমাদের অনুপ্রেরণার প্রধান উত্স। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ জাতিসংঘের সকল ভাষায় অনুবাদ, বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোতে সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন নিঃসন্দেহে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দিতে বিশেষ অবদান রাখবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।