রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুর এলাকায় বিদ্যুত্পৃষ্ট হয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলামের আপন চাচা ও চাচি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে নিজ বাড়ির ছাদে ওঠার সিঁড়ির লোহার রেলিং বিদ্যুায়িত হলে ছাদে ওঠার সময় বিদ্যুত্পৃষ্ট হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী পৌরসভার দক্ষিণ ভবানীপুর এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ওলিউর রহমান (৬৫) ও তার স্ত্রী মোছা. ফাতেমা রহমান (৫৫)।
এ ঘটনায় আমিনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টি হতে থাকে। ধারণা করা যাচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট হওয়ার কারণে বসতবাড়ির ছাদে ওঠার লোহার রেলিং বিদ্যুতায়িত হয়। লোহার সিঁড়ি ধরে ছাদে ওঠার সময় আমার চাচা ওলিউর রহমান বিদুত্যায়িত হয়ে সিঁড়িতে পড়ে যান। চাচাকে ধরতে গিয়ে চাচিও বিদ্যুত্পৃষ্ট হয়ে আহত হন। দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে চাচা ও চাচিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
