ইংল্যান্ডকে যুবাদের হোয়াইটওয়াশ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

স্পোর্টস রিপোর্টার

ইংল্যান্ডের বিপক্ষে জিতেই চলেছে বাংলাদেশের যুবারা। গতকাল তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ জিতল ৬৩ রানের বিশাল ব্যবধানে। এর মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো ইংল্যান্ড। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডের দুটিতেই পাঁচ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ২৬৬ রান। সর্বোচ্চ ৭২ রান করেন শামিম হোসেন। এ ছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয় ৫৭ ও শাহাদাত হোসেন করেন ৫১ রান। বাঁ-হাতি ব্যাটসম্যান শামিম হোসেনের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার। পরে দুটি উইকেটও নেন এ স্পিনার।

ডান হাতি পেসার জর্জ হিল তিনটি উইকেট নেন। এ ছাড়া অ্যাডাম ফিঞ্চ ও জ্যাক মরলে নেন দুটি করে উইকেট। তানজিদ হাসানের ২৩ ও রিশাদ হোসেনের ২২ রানের ইনিংসগুলোও বাংলাদেশের ইনিংসটা বড় করতে বিশেষ ভূমিকা রাখে।

জবাব দিতে নেমে, এক প্রান্ত আগলে রেখে লড়াইটা চালিয়ে যান ব্রিটিশ ওপেনার বেন চালর্সওর্থ। ১৪৯ বল খেলে তিনি করেন ১১৫ রান। এ ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা। অপর প্রান্তে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। লুক হলম্যান ৩০ ও লুইস গোল্ডসওর্দি ২১ রান করেন।

ইংল্যান্ডের ইনিংসে ধস নামার পেছনে বড় অবদান আসাদুল্লাহ গালিবের। তিনি নিয়েছেন চারটি উইকেট। গালিবের চারটি ও শামিমের দুটি ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন রুহেল আহমেদ ও সাবেক অধিনায়ক তৌহিদ হূদয়।

জানিয়ে রাখা ভালো, এর আগে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ সাত উইকেটে জিতেছিল। ফলে, বলা যায় টানা চার ম্যাচে হারলো সফরকারী ইংলিশ দল। এরপর দুটি করে চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুদল। দুটিই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথমটা শুরু হবে আগামী সাত ফেব্রুয়ারি।

সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ

বাংলাদেশ: ২৬৬/৯, ৫০ ওভার (শামিম ৭২, মাহমুদুল ৫৭, শাহাদাত ৫১; হিল ৩৭/৩, মরলে ৪৬/২)

ইংল্যান্ড: ২০৩ অল আউট, ৪৬.৩ ওভার (চার্লসওর্থ ১১৫, হলম্যান ৩০; গালিব ১৭/৪, তৌহিদ ৩১/২)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৬৩ রানে জয়ী।

ম্যাচ সেরা: শামিম হোসেন (বাংলাদেশ)।

সিরিজ: বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ৩-০ ব্যবধানে জয়ী।