স্পোর্টস রিপোর্টার
চাতক পাখীর মতোই অপেক্ষা করছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। একটি জয়ের জন্য মুখিয়ে থাকা শেখ জামাল শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-০ গোলে বিজেএমসিকে হারিয়ে প্রিমিয়ার ফুটবলে প্রথম জয়ের মুখ দেখল। ৩ খেলায় শেখ জামালের ১ ড্র এবং দুই হারের গ্যাড়াকলে পড়ে শেখ জামাল ছিল ছন্দহারা একটি দল। ঢাকা এবং গোপালগঞ্জ হয়ে শেষ পর্যন্ত নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ জামালের বাগানে ম্যাচ জয়ের ফুল ফুটল। ড্র আর হার, দুইয়ে মিলে শেখ জামালের কোণঠাসা অবস্থা। কাল জয় পেয়ে শেখ জামালের কাছে যেন সৌভাগ্যের মাঠ হয়ে গেল শহীদ ভুলু স্টেডিয়াম। দুই গোল ফ্রিকিকের উত্স হতে হয়েছে। ১৩ মিনিটে আর্জেন্টিনার লুসিয়ানো এমানুয়েল (১-০) এবং ৩৩ মিনিটে কিরগজিস্তানের ডেভিড ব্রুসো গোল করেন ২-০।
লিগের ১৩ দলের মধ্যে শেখ জামাল ছিল ১২ নম্বরে। কাল এক জয়ে শেখ জামাল চার ধাপ উপরে উঠে গেছে। পয়েন্ট টেবিলের ছবি দেখে শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসি যেমন খুশি। তেমনি দলের কর্মকর্তারাও দারুণ খুশি। যোসেফ আফুসি জানিয়েছেন এবার ঘুরে দাঁড়ানো যাবে।’ ৪ খেলায় ৪ পয়েন্ট। শেখ জামালের ফুটবল ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানিয়েছেন আগের খেলাগুলোতে ফিটনেস ট্রেনিংটা বেশি করানোর কারণে খেলোয়াড়রা ক্লান্ত ছিলেন।
