সিটি আর্সেনাল লড়াই আজ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

স্পোর্টস ডেস্ক

আর্সেনাল কোচ উনাই এমারি আজ রবিবার ম্যানচেষ্টার সিটির মাঠে খেলতে নামার আগে পেপ গার্দিওলাকে বিশ্বের সেরা কোচ হিসেবে অভিহিত করেন। সিটি এ খেলায় জিততে পারলে শীর্ষে থাকা লিভারপুলের সাথে ব্যবধান কমিয়ে আনতে পারবে। এমারি অবশ্য তার স্বদেশী স্প্যানিশ গার্দিওলার বিরুদ্ধে কখনোই জেতেননি। সাবেক ভ্যালেন্সিয়া ও সেভিয়া কোচ এমারি সর্বশেষ গত আগস্টে নিজ মাঠে গার্দিওলার সিটির কাছে ২-০-তে হেরেছিলেন।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে অনেক ট্রফি জেতানো গার্দিওলা প্রসঙ্গে তিনি বলেন,‘আমি অনেক দল ও কোচকে বিশ্লেষণ করেছি। আমি মনে করি এমন একজন কোচও পাওয়া যাবে না যিনি কিনা গার্দিওলার চাইতে সেরা। তার ক্যারিয়ার অনেক বড়। আমরা একসাথেই শুরু করেছিলাম। সে বার্সেলোনার দ্বিতীয় দল দিয়ে। আমি লোরকা ও আলমেরিয়ায় (স্পেনের দ্বিতীয় ও তৃতীয় বিভাগে)।’

আর্সেনাল বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা সিটির চাইতে নয় পয়েন্ট পেছনে তারা। সিটি আবার লিভারপুলের চাইতে পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে। সব দলের ২৪টি করে খেলা শেষ হয়েছে। অবশ্য খেলাটির প্রাক্কালে গার্দিওলাও এমারির প্রশংসা করেছেন। তিনি বলেন,‘সেও দুর্দান্ত ভালোভাবে প্রস্তুত থাকে এমন একজন কোচ। সে একজন যোদ্ধা’।