চান্দগাঁও ক্লাবের জালে আবাহনীর গোল উত্সব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৩

এলিট পেইন্ট কিশোর ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের জালে রীতিমতো গোল উত্সব করেছে শক্তিশালী আবাহনী লিমিটেড। গতকাল শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাব্বীর হ্যাটট্রিকে আবাহনী লিমিটেড ১১-০ গোলের বিশাল ব্যবধানে চান্দগাঁও স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে জয়লাভ করে। খেলায় রাব্বীর ৩ গোল ছাড়াও নোমান ও সুখময় ২টি করে এবং মাঈনুদ্দিন, আবু সুফিয়ান, শাওন ও মুশফিক ১টি করে গোল দেন। অসহায় চান্দগাঁও ক্লাবের আক্রমণভাগ মাঝে-মধ্যে অভিযান চালালেও আবাহনীর রক্ষণদুর্গ ভাঙা সম্ভব হয়নি। দিনের অপর খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীন দিদারুল ইসলামের দেয়া একমাত্র গোলে আবদুস সোবহান ফুটবল দলকে পরাজিত করে।

আজকের খেলা : বন্দর ক্রীড়া সমিতি ও কর্ণফুলী ক্লাব। শোভনীয়া ক্লাব ও ফ্রেন্ডস ক্লাব (এমএ আজিজ স্টেডিয়াম)।