নাইজেরিয়ায় অপহূত এক শিক্ষার্থী নিহত সাত জনকে উদ্ধার

আপডেট : ১৯ জুন ২০২১, ২০:০৯

নাইজেরিয়ায় এক পুলিশ সদস্যকে হত্যার পর অপহরণ করা অন্তত ৮০ শিক্ষার্থীর খোঁজে অভিযান অব্যাহত রেখেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার জঙ্গলের ভেতর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো পাঁচ শিক্ষার্থী ও দুই শিক্ষককে অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছে নিরাপত্তা বাহিনী। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যে প্রকাশ্য দিবালোকে একটি সরকারি স্কুলে হামলা চালিয়ে এ অপহরণ করে বন্দুকধারী দুষ্কৃতরা। উসমান আলিয়ু নামে এক স্কুলশিক্ষক জানিয়েছেন, বন্দুকধারীর কমপক্ষে ৮০ শিক্ষার্থীকে অপহরণ করেছে, যার মধ্যে বেশির ভাগই মেয়ে। পুলিশ এক বিবৃতিতে বলেছে, অপহূতদের মধ্যে পাঁচ জন শিক্ষকও রয়েছেন। তবে ঠিক কত জনকে অপহরণ করা হয় তা নিশ্চিত করেনি তারা। অপহূতদের সন্ধানে আশপাশের জঙ্গলে তল্লাশি শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এতে সহযোগিতা করছে বিমানবাহিনীও। নাইজেরীয় সেনাবাহিনীর মুখপাত্র ওনিমা নোয়াচুকু এক বিবৃতিতে জানিয়েছেন, দস্যুদের অনুসরণ করতে থাকা সেনা সদস্যরা জঙ্গলের ভেতর থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া ঐদিন সকালে দস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের পর আরো কয়েক জন মুক্ত হয়েছেন। নোয়াচুকু জানান, বাকি অপহূতদের উদ্ধারের জন্য সেনারা এখনো অপহরণকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন।