নগরকান্দায় পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চায় জসিম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

পা দিয়ে লিখে স্বপ্ন পূরণ করতে চায় নগরকান্দার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জসিম। তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের হানিফ মাতুব্বর ও তছরিন বেগম দম্পতির সন্তান জসিম তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজ ভেন্যুতে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্বপ্নকে জয় করতে দৃঢ় মনোবল নিয়ে শত বাধা উপেক্ষা করে অসম্ভবকে সম্ভব করে তুলতে কঠোর সংগ্রাম চালিয়ে এ পর্যন্ত এগিয়ে এসেছে জসিম।

জন্ম থেকে দুই হাত না থাকায় প্রাথমিক শিক্ষায় পায়ের দুই আঙ্গুলের ফাঁকে চক ও পেন্সিল ঢুকিয়ে লেখার অভ্যাস করিয়েছেন স্থানীয় কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

জসিমের পিতা হানিফ জানান, জসিমের লেখাপড়ার মনোযোগ দেখে জেলা প্রশাসক একটি মোটর চালিত ভ্যান দিয়ে সহায়তা করেছেন ঐ ভ্যানে করে জসিম স্কুলে যাওয়া আসা করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান বলেন, জসিমের পরীক্ষা দিতে যাতে কোনো রকম সমস্যা না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।