রপ্তানি পণ্য হিসেবে প্লাস্টিক সেক্টরকে সরকার অগ্রাধিকার দিয়েছে

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:০৮

অনলাইন প্লাস্টিক ফেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, রপ্তানি পণ্য হিসেবে প্লাস্টিক সেক্টরকে সরকার অগ্রাধিকার দিয়েছে। দেশের বর্তমান রপ্তানি বাণিজ্যের প্রায় ৮৪ ভাগ দখল করে আছে তৈরি পোশাক খাত, এটা খুবই ঝুঁকিপূর্ণ। তাই সরকার দেশের রপ্তানি পণ্যসংখ্যা বৃদ্ধির জন্য প্লাস্টিক, চামড়া, কৃষি, আইসিটি এবং ফার্মাসিউটিক্যালস সেক্টরকে অগ্রাধিকার দিয়ে রপ্তানিনীতি প্রণয়ন করেছে। এ সেক্টরগুলোকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতায় ১০ কোটি ডলার ব্যয়ে এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে স্থাপিত টেকনোলজি সেক্টরের মাধ্যমে ২০২৩ সালের মধ্যে ৯০ হাজার দক্ষ জনশক্তি তৈরি করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্যমন্ত্রী গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্লাস্টিক গুড্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের সহযোগিতায় অনলাইনে চার দিনব্যাপী ‘১৫তম বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্লাস্টিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি ফেয়ার-২০২১’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার (আইপিএফ) অনলাইন এক্সপো আগামী ৮ জুলাই পর্যন্ত চলবে। এক্সপোতে ১৯টি দেশের প্রায় ৪৮৩টি প্লাস্টিক কোম্পানি অংশ নিচ্ছে। দেশগুলোর মধ্যে বাংলাদেশ, চায়না, মিশর, ইথিওপিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সুদান, তাইওয়ান, থাইল্যন্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। দর্শনার্থীগণ অনলাইনে যুক্ত হয়ে মেলায় প্রদর্শিত সব পণ্য দেখার সুযোগ পাবেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্লাস্টিক গুড্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামীম আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইয়র্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট জুডি ওয়াং।