নানা কর্মসূচিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৬

ইত্তেফাক ডেস্ক

শোভাযাত্রা, আলোচনা সভা ও নিরাপদ খাদ্য এবং ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল শনিবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

রংপুর: জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এনামুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম ও স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক রুহুল আমিন মিয়া। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সারোয়ারুল আলম, অতিরিক্ত পরিচালক মতলুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রইচ উদ্দিন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক অর্নিবান ভদ্র, রংপুর কোতয়ালী থানার এসি জমির উদ্দিন, বেকারী মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম মুন্না, ক্যাব রংপুরের সভাপতি আব্দুর রহমান ও জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের উপদেষ্টা বেলাল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া:জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদদৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূররে শাহ নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

মাগুরা:দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় মাগুরা জেলা প্রশাসন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। কালেক্টরেট প্রাঙ্গণ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর:জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন উপলক্ষে স্বাধীনতা অঙ্গন থেকে বিভিন্ন পেশার লোকদের নিয়ে একটি  শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় মাদারীপুর জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সেফাউর রহমান, জেলা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি বাবুল দাস, জেলা চাল কল সমিতির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কেএম হাবিবুর রহমান প্রমুখ।

লালমনিরহাট:জেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন— জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন— সিভিল সার্জেন ডা. কাসেম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিধু ভূষণ রায়, অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ:ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নিরাপদ খাদ্য উত্পাদন, সরবরাহ ও বাজারজাতকরণে সচ্ছতা আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

নড়াইল:জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনজুমান আরা, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, জেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা (অব.) মোঃ ইউসুফ আলী, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বাকী বিল্লাহ প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ:‘সুস্থ সবল জাতি চাই-পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। র্যালিটি টাউন হল থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবুল কাশেমসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

গাইবান্ধা: জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে শনিবার গাইবান্ধা শহরে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা বেগম। বক্তব্য রাখেন গাইবান্ধার পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আসাদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত ওসমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু হানিফ প্রমুখ।

নওগাঁ:খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, নিরাপদ খাদ্য তৈরি হোক নিজ বাড়ি থেকেই। রান্নাঘর হোক পরিষ্কার ও পরিচ্ছন্ন। বাড়ির কাজের মেয়েদের হাত সাবান দিয়ে পরিষ্কার ও হাতে গ্লোবস পরার পরামর্শ দেন তিনি। শনিবার সকালে জাতীয় নিরাপাদ খাদ্য দিবস উপলক্ষে সদর খাদ্য গুদাম থেকে র্যালি বের হওয়ার আগে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে সদর খাদ্য গুদাম থেকে এ বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম, সিভিল সার্জন ডা. মুমিনুল হক প্রমুখ।

এ ছাড়া বগুড়ার দুপচাচিয়া, সোনাতলা, নেত্রকোনার কলমাকান্দা, পূর্বধলা, দিনাজপুরের ফুলবাড়ি, বিরামপুর, নওগাঁর রাণীনগর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, নাটোরের লালপুর, ময়মনসিংহের গৌরীপুর, কুষ্টিয়ার দৌলতপুর, খোকসা, ফরিদপুরের চরভদ্রাসন, বাগেরহাটের মোরেলগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের নাচোলসহ বিভিন্ন জেলা-উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।