নোয়াখালীর দুই উপজেলায় একক অন্য উপজেলায় একাধিক প্রার্থী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

উপজেলা পরিষদ নির্বাচন

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রার্থিতা নিশ্চিত করতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এখন তারা নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত রয়েছেন। কে হবেন দলীয় প্রার্থী এ নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আলোচনা-সমালোচনায় সরব। তবে আওয়ামী লীগ ছাড়া এ নির্বাচন নিয়ে অন্য দলগুলো এখনো নীরব রয়েছে। জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে নোয়াখালী সদর উপজেলায় গত নির্বাচন নিয়ে মামলা থাকায় এ উপজেলায় নির্বাচন অনিশ্চিত। এদিকে সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। সুবর্ণচর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাবউদ্দিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছে স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগ। পরে জেলা আওয়ামী লীগের মাধ্যমে তা কেন্দ্রীয় সিদ্ধান্তের জন্য পাঠানো হয়।

অপরদিকে সেনবাগ, চাটখিল, সোনাইমুড়ী, বেগমগঞ্জ, কবিরহাট ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তিনের অধিক প্রার্থীর নাম আসায় জেলা আওয়ামী লীগ সিদ্ধান্তের জন্য তা কেন্দ্রে প্রেরণ করেছে বলে দলীয় সূত্রে জানা যায়। উপজেলা পরিষদের উল্লেখযোগ্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন: সেনবাগ উপজেলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নোয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক, জেলা আওয়ামী লীগ সদস্য শওকত হোসেন কানন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমদ চৌধুরী। চাটখিল উপজেলায় বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ব্যবসায়ী হারুন-অর-রশিদ কোম্পানি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর।

সোনাইমুড়ী উপজেলায় আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার রুহুল আমিন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুজাহিদ হোসেন মোজাম্মেল। বেগমগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদউল্যাহ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান এবং আজিজুল হক স্বপন। কবিরহাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য কামরুন নাহার শিউলী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী মোঃ ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি এবং হাতিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ।