বিএসএমএমইউ’র স্মরণসভায় বক্তারা
বিশেষ প্রতিনিধি
অসম্ভব সাহসী, গভীর মমত্ববোধের অধিকারী, দেশপ্রেমে উজ্জ্বীবিত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণে রাখবে। তিনি শুধু সফল মন্ত্রীই ছিলেন না, দেশের দুঃসময়ে অভিভাবকের ভূমিকায় থেকে নেতৃত্ব দিয়েছেন। শত বাধা-বিপত্তি অতিক্রম করে, অত্যাচার-নির্যাতন সহ্য করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনির্মাণে আমৃত্যু কাজ করে গেছেন। কোনো দিন কোনো অন্যায়ের কাছে মাথানত করেননি। বাংলাদেশে এমন মহান নেতার অভাব চিরকালই অনুভূত হবে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীিদ ডা. মিল্টন হলে জাতীয় নেতা মরহুম মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রয়াত মোহাম্মদ নাসিম শুধু জাতীয় নেতা ছিলেন না, তিনি আন্তর্জাতিক পর্যায়ের নেতা ছিলেন। স্মরণসভায় মরহুম মোহাম্মদ নাসিমের পুত্র সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সভাপতির বক্তব্যে বলেন, মোহাম্মদ নাসিম দেশের দুঃসময়ে অভিভাবকের মতো দায়িত্ব পালন করে গেছেন। তিনি সফল মন্ত্রী ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী পরিষদ (কাজীপুর, সিরাজগঞ্জ)-এর উদ্যোগে ‘আমাদের অস্তিত্বে ও মননে মরহুম মোহাম্মদ নাসিম’ শীর্ষক স্মরণসভায় মূল্যবান বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, স্বাচিপ নেতা ডা. আব্দুর রউফ সর্দার, বিএসএমএমইউর হেপাটোবিলিয়ারি, পেনক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, উক্ত বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান নয়ন, পেশাজীবী পরিষদ (কাজীপুর, সিরাজগঞ্জ)-এর সভাপতি মো. মনসুর হেলাল, মহাসচিব মোছা. নুরুন্নাহার খাতুন প্রমুখ। স্মরণসভায় মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিলেন ১৭৭ জন
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে গতকাল শনিবার চলমান লকডাউনের মধ্যেও মোট ১৭৭ জন কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন এবং গতকাল পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৭০২ জন।
