সিলেটে ফের করোনার টিকা প্রয়োগ শুরু

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৪

সিলেট অফিস

দীর্ঘ বিরতির পর সিলেটে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকা প্রয়োগ শুরু হয়েছে। চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা প্রয়োগের মাধ্যমে দ্বিতীয় ধাপের এ টিকা কর্মসূচি শুরু হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, প্রথম দিন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া টিকাকেন্দ্রগুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। তিনি বলেন, ভোটার আইডি কার্ড কিংবা কলেজের আইডি কার্ড নিয়ে আসলে তাদের টিকা দেওয়া হবে। মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের পরে সিলেট নার্সিং কলেজ, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বিগত দিনে টিকা থেকে বাদ পড়া চিকিত্সক-নার্স, পুলিশ সদস্য, কবর খননকারী ও মৃত দেহের দাফনে নিয়োজিত এবং বিগত দিনে যারা টিকার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন আপাতত তাদের টিকা দেওয়ার জন্য নির্দেশনা এসেছে। গত শুক্রবার চীনের তৈরি সিনোফার্মের ৩৭ হাজার ২০০ ডোজ টিকা সিলেটে এসে পৌঁছে। টিকাগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই কোল্ড স্টোরে রাখা হয়েছে।