ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান পদে সাত প্রার্থী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৮

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা             

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাত প্রার্থীর নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সভায় দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের বর্তমান কমিটির সভায় না আসা আওয়ামী পরিবার খ্যাত অংশের নেতা-কর্মীরাও এই প্রথমবারের মত সভায় যোগ দেন। সভায় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম, ফখরুল আনোয়ারসহ ফটিকছড়ি থেকে জেলা আওয়ামী লীগের পদধারী সকল নেতা যোগ দেন।

অপরদিকে প্রত্যেক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদকরাও যোগ দেন। উল্লেখ্য ফটিকছড়িতে চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থিতার জন্য দলের কাছে লিখিত আবেদন জানান। অবশেষে অনেক আলোচনার পর বাকি প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে চেয়ারম্যান পদে সাতজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। চেয়ারম্যান পদে যাদের নাম পাঠানোর সিদ্ধান্ত হয় তারা হলেন: আফতাবউদ্দিন চৌধুরী, মোঃ শাহজাহান, নাজিমউদ্দিন মুহুরী, হুসাইন মোঃ আবু তৈয়ব, সৈয়দ মোঃ বাকের, মোঃ রুস্তম আলী, আবুল বশর। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম পাঠানো হয় তারা হচ্ছেন: সাংবাদিক বিশ্বজিত্ রাহা, মোঃ দিদারুল আলম, উত্তম কুমার মহাজন, ইসমাইল মজুমদার, অ্যাডভোকেট ছালামতউল্লাহ্ চৌধুরী শাহীন, মাস্টার রতন কান্তি চৌধুরী, আব্বাসউদ্দিন, দিদারুল আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া মাসুদ, জেবুন্নাহার মুক্তা, রহিমা মনছুর প্রমুখের নাম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।