কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ ৯ মামলার আসামি আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে র্যাব-কুমিল্লা ক্যাম্পের একটি টিম নগরীর দক্ষিণ চর্থা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কানা টিপু দক্ষিণ চর্থা (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল করিম ভুঁইয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল টিপু ওরফে কানা টিপুর কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র ও ডাকাতিসহ নানা অপরাধের ৯টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
