চাটখিলে সহকারী মেডিক্যাল অফিসার স্ট্যান্ড রিলিজ

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৪৫

রোগীর কাছে টাকা দাবি

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

রোগীর কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিক্যাল অফিসার আব্দুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। শুক্রবার তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।  স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দেলেয়ার হোসেন (৩৫) নামের হাত ভাঙা একজন রোগী চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ওয়ার্ডে চিকিত্সা নিতে আসলে কর্মরত সহকারী মেডিক্যাল অফিসার আব্দুল্যাহ আল মামুন প্লাস্টারের অজুহাত দিয়ে তার আত্মীয়স্বজনদের কাছ থেকে দেড় হাজার টাকা দাবি করে। তিনি বলেন, টাকা না দিলে প্লাস্টার করা যাবে না। রোগীর স্বজনরা বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহীমকে অবহিত করলে তিনি নিজে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি নোয়াখালী সিভিল সার্জনকে জানালে তাত্ক্ষণিক আবদুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করে ভাসানচরে বদলি করা হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।