চাটখিলে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিলে শুক্রবার বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ মোসার হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে স্কুলছাত্রীর সঙ্গে প্রসাদপুর গ্রামের মৃত আক্কাজ মিয়ার ছেলে সৌরব হোসেনের পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা আদায় করেন।
সাংবাদিকদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে শনিবার ফুলবাড়ীর সাংবাদিকদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএফ) ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা অমর চাঁদ গুপ্ত অপু। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
রংপুরে ঘর পাচ্ছে ৭১৫ পরিবার
স্টাফ রিপোর্টার, রংপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে রংপুর জেলায় দ্বিতীয় ধাপে ৭১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হচ্ছে। শনিবার রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ঐ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ঘরগুলো নির্মাণ কাজ শেষ হয়েছে। রবিবার হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, এর আগে প্রথম ধাপে জেলায় ১ হাজার ২৭৩টি ভূমি ও গৃহহীন পরিবারকে দুই শতক জমি ও বসতবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
খাওয়ার পানিবিষয়ক আলোচনা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে শনিবার সকালে উপকূলীয় এলাকায় খাওয়ার পানি সুরক্ষা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পানিসম্পদ পরিকল্পনা সংস্থার ওয়ারপো মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলওয়ার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু।
দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের টিকা প্রদান
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে শনিবার সকালে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ গ্যালারিতে কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথ। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহের জন্য চীনের সিনোফার্মের ৭৫ হাজার ৬০০ ডোজ টিকা এসেছে। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী, বিদেশি নাগরিকদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চীনা নাগরিক, ডেন্টাল ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ফ্রন্টলাইনারদের এ টিকা দেওয়া হবে।
করোনা সচেতনতায় ভ্রাম্যমাণ প্রদর্শনী
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে শনিবার করোনা সচেতনতায় নাটক, লোকগান এবং স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমাণ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি লিটন চৌধুরী, স্যানেটারি ইন্সপেক্টর পবিত্র কুমার রায় প্রমুখ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ইউনিয়ন কমিটি শনিবার গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধার সন্তান অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ প্রমুখ। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল ওয়াদুদ রতন এবং আয়নল হককে সভাপতি ও সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমান্ড কমিটি গঠিত হয়।
০০০০
