আগামী শুক্রবার ফুটবল লিগের খেলা পুনরায় শুরু

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৫৮

 

 স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রিমিয়ার ফুটবল লিগের খেলা বন্ধ ছিল। এই লিগ আবার শুরু হবে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে—আগামী শুক্রবার ২৫ জুন লিগ পুনরায় মাঠে গড়াবে। পেশাদার এই লিগের পরই মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ফুটবল। এবার দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি। ক্লাব পর্যায়ে অনূর্ধ্ব-১৮ ফুটবলও চ্যাম্পিয়নশিপও হবে এ বছরই। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ শেষে কাতার হতে চার দিন আগে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। নিয়ম মেনে সেরেছেন কোয়ারেন্টাইন। এখন ক্লাব ফুটবলে মাঠের খেলায় অংশ নিতে আর বাধা নেই তপু, রহমত, জামালদের। সে কারণে দেরি না করে স্থগিত থাকা লিগের খেলা মাঠে গড়াতে সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। কমিটির সিদ্ধান্ত মতে পেশাদার লিগ শেষ করেই আয়োজন করা হবে স্বাধীনতা কাপ ফুটবল। এবাররের আসরে দল বাড়ানোর কথাও ভাবছেন কর্তারা। শিক্ষা বোর্ড, সার্ভিসেস দলগুলোকে নেওয়া হবে জানিয়েছেন লিগ কমিটির প্রধান। স্বাধীনতা কাপের পর অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল আয়োজন করতে ক্লাবগুলোর সহযোগিতার চেয়েছে বাফুফে। এএফসির শর্ত মানতে অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবল আয়োজন করতে হবে বলে জানিয়েছেন আব্দুস সালাম মুর্শিদী।