সুপার লিগের প্রথম রাউন্ড আজ বৃষ্টিতে সূচি পরিবর্তন

আপডেট : ১৯ জুন ২০২১, ২১:৫৯

স্পোর্টস রিপোর্টার

সকাল থেকেই বৃষ্টির দাপট অপেক্ষায় রেখেছিল ক্রিকেটারদের। গতকাল বৃষ্টিমুখর দিনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চারটি ম্যাচই বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সুপার লিগের তিনটি, বিকেএসপিতে রেলিগেশন লিগের একটি ম্যাচ স্থগিত করা হয়।

পরে সন্ধ্যায় সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। গতকাল সিসিডিএমের ইনচার্জ মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে সুপার লিগের ম্যাচগুলো। আজ সুপার লিগের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আগামীকাল দ্বিতীয় রাউন্ড। আগের মতোই সূচিতে বিরতি থাকছে। এখন ২৫ জুনের পরিবর্তে প্রিমিয়ার লিগ শেষ হবে ২৬ জুন। পরপর দুই দিন কোনো ম্যাচ না হলে, তখনই পয়েন্ট ভাগাভাগি হবে।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বৃষ্টিতে স্থগিত হওয়া প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী-মোহামেডান ম্যাচ এবং বিকেএসপিতে রেলিগেশন লিগের লেজেন্ডস অব রূপগঞ্জ-পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ আজ অনুষ্ঠিত হবে।