হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৩

দীর্ঘ ৫৩ দিন হাসপাতালে চিকিত্সা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয় তাকে।

রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালের চিকিত্সক মাবিয়ার হোসেন পলাশ জানান, বেগম জিয়ার ডিসচার্জ পেপার প্রস্তুত করা হচ্ছে। আরো ঘণ্টা দেড়েক সময় লাগবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে বেশিদিন থাকার কারণে সংক্রমণের ঝুঁকি থাকে, এরই মধ্যে একবার রক্তে সংক্রমণ হয়েছিল।             এখন আবার দুটি ব্যাক্টেরিয়ার উপস্থিতি পেয়েছেন চিকিত্সকরা। তাই হাসপাতাল থেকে সংক্রমণের আশঙ্কা থেকে বাসায় ফেরত নেওয়া হচ্ছে বেগম জিয়াকে। যেহেতু পোস্ট কোভিড কোনো সমস্যা তার নাই এবং বাসাতেই তিনি সংক্রমণের শঙ্কামুক্ত। তাই বাসায় থেকেই সেই চিকিত্সা চলবে বলে মেডিক্যাল বোর্ড পরামর্শ দিয়েছে।

বেগম জিয়ার ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিত্সকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তার বিস্তারিত পরীক্ষানিরীক্ষা ও স্থাস্থ্যের পর্যালোচনা করে দেওয়া রিপোর্টে বলেছেন, করোনা-পরবর্তী জটিলতায় বেগম খালেদা জিয়ার ফুসফুস, হার্ট, লিভার ও কিডনি শরীরের এই চারটি অঙ্গই আক্রান্ত হয়েছে। এর মধ্যে লিভার ও কিডনি প্রায় অর্ধেক কার্যক্ষমতা হারিয়েছে। তিনি স্বাভাবিক কার্যক্রম যথাযথভাবে করতে পারছেন না। এমন পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার চিকিত্সকরা প্রয়োজনে তার লিভার ট্রান্সপ্লান্টেশনের (প্রতিস্থাপন) সুপারিশ করেছেন। এ ছাড়া তারা আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, হূদেরাগের কারণে বেগম খালেদা জিয়ার শরীরের যে কোনো একটি চেম্বার বা অংশের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড তাদের আশঙ্কার কথা জানিয়ে তার উন্নত চিকিত্সার জন্য বেশ কয়েক দফা সুপারিশ করেছে। এতে বেগম খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যগত অবস্থা পর্যালোচনার পাশাপাশি উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠানোরও সুপারিশ করেছে।