মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
১৯ দিন অতিক্রান্ত হলেও কুষ্টিয়ার মিরপুর থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী চুমকির (১৯) সন্ধান এখনো মেলেনি।
নিখোঁজ চুমকি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাক-প্রতিবন্ধী রাজু আহম্মেদের মেয়ে ও হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
চুমকির চাচা জয়নুল আবেদিন রিপন জানান, গত ৮ জানুয়ারি সকাল ১০টার সময় চুমকি বাড়ি থেকে কোচিংয়ে ক্লাস করার উদ্দেশ্যে বের হয়। এরপর ক্লাস শেষ হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরের দিন পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
মিরপুর থানার ওসি তদন্ত আব্দুল আলীম জানান, এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের পর তার চাচা থানায় জিডি করেছেন। জিডির পর থেকে চুমকিকে উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত বছরের ২৯ অক্টোবর পারিবারিকভাবে জেলার জগতি কৃষকপাড়ার জয়নাল আবেদিনের ছেলে রাশেদের সঙ্গে চুমকির বিয়ে হয়। নিখোঁজের পর চলতি মাসের ১৮ তারিখে স্বামী রাশেদের মোবাইলে চুমকি ফোন করে জানায়, সে ভীষণ বিপদে আছে এবং তাকে উদ্ধারের কথা বলতেই ফোনটির সংযোগ বন্ধ হয়ে যায়।
