নির্বাচনি দ্বন্দ্ব

এবার আদালতে তৃণমূলের ৫ বনাম বিজেপির ৫০

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৫

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরও মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দ্বন্দ্ব শেষ হলো না। ভোটের ফল নিয়ে অসন্তোষ জানিয়ে দুই পক্ষই আদালতের শরণাপন্ন হচ্ছে। নন্দীগ্রাম কেন্দ্রের নির্বাচনি ফল নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মমতা ব্যানার্জি। একই পথে তৃণমূল কংগ্রেসের আরো চার জন পরাজিত প্রার্থী ফের গণনা চেয়ে মামলা দায়ের করেছেন। এই কেন্দ্রগুলোতে অল্প ব্যবধানে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়েছে। কেন্দ্রগুলো হলো—উত্তর ২৪ পরগনার দক্ষিণ বনগাঁ, পুরুলিয়ার বলরামপুর, হুগলির গোঘাট এবং পূর্ব মেদিনীপুরের ময়না। এর পালটা অল্প ব্যবধানে হারা ৫০ আসন নিয়ে আদালতের দারস্থ হতে চলেছে বিজেপি।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি জানিয়েছেন, আমরাও ইলেকশন পিটিশন করতে চাই। বিষয়টি দেখছে বিজেপির আইনি টিম। সেভাবেই চলছে প্রস্তুতি। বিষয়টা প্রায় ঠিকই হয়ে গেছে। বিজেপির পশ্চিমবঙ্গ সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলছেন, অনেক আসনেই আমরা খুব কম ব্যবধানে হেরেছি। কোথাও ২-৩ হাজার, কোথাও হাজার ভোটের ব্যবধান। সেই সব আসনে পুনর্গণনার দাবি জানানো হবে।

উল্লেখ্য, ভারতীয় জন প্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচনি প্রক্রিয়া শেষ হওয়ার দেড় মাসের মধ্যে আদালতে আবেদন করতে হয়। গত ২ মে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে নির্বাচনি প্রক্রিয়া শেষের সময় ছিল ৩০ মে। সেই অনুযায়ী বিজেপির হাতে সময় রয়েছে বলে তারা দাবি করেছে। যদিও বিজেপির একটি অংশের আশঙ্কা, সময় গড়িয়ে যাচ্ছে। দেরি করলে আদালত আবেদন গ্রাহ্য নাও করতে পারে। সেক্ষেত্রে দলের সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে।