কুমিল্লায় ৩০ মামলার আসামি রেজাউল দুই সহযোগীসহ গ্রেফতার

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৫

কুমিল্লার চাঞ্চল্যকর সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক দেলোয়ার হোসেনসহ ৯টি হত্যা এবং ধর্ষণ ও মাদকসহ ৩০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রেজাউল করিম ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তের বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরের কেরানীনগর এলাকা থেকে বিজিবির একটি টহল দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে অস্ত্র, গুলি, ইয়াবা, নতুন ধরনের মাদকদ্রব্য, কাতারের দিরহাম ও ভারতীয় ব্যাংকের বিভিন্ন প্রকার ডেবিট কার্ড জব্দ করা হয়। সে কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শামবক্সি (ভল্লবপুর) গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। বিকালে কুমিল্লা-১০ বিজিবি কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রেজাউল করিমকে (৩৪) গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে ১টি .৩২ বোর রিভলবার ও ম্যাগাজিনসহ চারটি গুলি, ১৬ পিস ইয়াবা, নতুন ধরনের এক প্যাকেট ভারতীয় ‘কৌটা মাদক’, ভারতীয় তিনটি পরিচয়পত্র, ভারতীয় ইউসিবি ব্যাংকের দুইটি ডেবিট কার্ড, ভারতীয় বিভিন্ন প্রকার সাতটি কার্ড, বাংলাদেশি নগদ ৭৮৫ টাকা ও কাতারের ১০ দিরহাম উদ্ধার করা হয়। কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফজলে রাব্বী বলেন, ‘শনিবার দুপুরে রেজাউল ভারত থেকে চোরাপথে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে তাকে ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।