বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:১৫

বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে দম্পতিসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। চাঁদপুরে ছেলের বিয়ের মিষ্টি কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বাবা। কুমিল্লায় চালক বাবার হাতে মৃত্যু হলো হেলপার ছেলের। এছাড়া বিভিন্ন স্থানে আরো তিন জন নিহত। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

স্টাফ রিপোর্টার, বগুড়া :বগুড়া-রংপুর মহাসড়কের বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো তিন জন। গতকাল শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—আশরাফুল ইসলাম (৫০),  তার স্ত্রী পারুল আক্তার (৪৫) ও তাদের নাতি দুই মাসের শিশু রেজওয়ান আহমেদ। মহাসড়কে একটি ট্রাক ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মতলব (চাঁদপুর) :ছেলের বিয়ের মিষ্টি কিনতে গিয়ে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবার মৃত্যু হয়েছে। গত শুক্রবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের বকাউল ঐ গ্রামের বাসিন্দা।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) :চান্দিনায় ট্রাকচালক পিতার হাতে প্রাণ গেল হেলপার পুত্র ইসরাফিলের। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসরাফিল সাতক্ষীরা সদর উপজেলার ট্রাকচালক মশিউর রহমানের ছেলে।

বড়াইগ্রাম (নাটোর) :আত্মীয়ের জানাজায় যাওয়ার পথে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে আবু তালেব (৭১) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার লাথুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তালেব পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের বাসিন্দা।

ভোলা (দক্ষিণ) :দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরে আলম (৩৫) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল ভোলা বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক  মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা।

পঞ্চগড় :বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোস্তফা এলাহী মোস্তাক (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বোদা-দেবীগঞ্জ মহাসড়কের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের খেড়বাড়ী গ্রামের বাসিন্দা।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : কাভার্ড ভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা মিশুকের দুই যাত্রী পিষ্ট হয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন নারায়ণগঞ্জ মহানগরীর টানবাজারের সুতার গদির শ্রমিক আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমেনা গার্মেন্টস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফতুল্লার কাশিপুর হাজীপাড়ার আফাজ উদ্দিন ও একই এলাকার আব্বাস উদ্দিন।