২০৪ ইউপিতে প্রথম ধাপের ভোট কাল

আপডেট : ১৯ জুন ২০২১, ২২:২৬

আগামীকাল সোমবার প্রথম ধাপের ২০৪ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এছাড়া এই দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন এবং ষষ্ঠ ধাপের দুই পৌরসভায় ভোটগ্রহণ হবে। করোনার মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে উত্তেজনা-অজানা শঙ্কা রয়েছে ভোটার ও প্রার্থীদের মধ্যে। টানটান উত্তেজনা বিরাজ করছে সব কটি ইউপিতেই। ইসি বলছে, নির্বাচন নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে। ইতিমধ্যে গতকাল মধ্যরাতে এসব নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও শেষ হয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন হবে বলে জানিয়েছে ইসি।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের প্রচার শেষ হয়েছে গতকাল দিনগত রাত ১২টায়। এ সময়ের পর কোনো প্রার্থী বা সমর্থকের কেউ কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। এদিকে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে ৯ পৌরসভা এবং খুলনা-চট্টগ্রাম বিভাগের ১৬৩ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে ইসি। এছাড়া পিছিয়ে দেওয়া হয়েছে         ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন। এই তিন আসনের ভোটগ্রহণ আগামী ১৪ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। আগের তপশিল অনুযায়ী বাকি ২০৪ ইউপি, দুই পৌরসভা এবং লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন কাল ২১ জুন অনুষ্ঠিত হবে। কাল প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে তৃণমূলের এ ভোট শুরু হবে। গতকাল এ ধাপের নির্বাচনের শেষমুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে দেশের ২০৪ ইউপিতে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গতকাল র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচনি এলাকায় টহল শুরু করেছেন। তারা থাকবেন ভোটের পরের দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রয়েছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম ধাপের ভোটগ্রহণের জন্য আজ বিশেষ নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ নির্বাচনি মালামাল পাঠানো হবে। এ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে গতকাল দিবাগত রাত ১২টায়। তাই এদিন ভোর থেকেই গ্রাম-পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা। স্থানীয় সরকারের এ নির্বাচনে এবারও চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে।