আওয়ামী লীগ নেতা খুনের জের
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুর্শেদ আলী (৫২) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
সন্ত্রাসীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর মৃতদেহ সড়কের পাশে একটি ধান ক্ষেতে ফেলে চলে যায়। এই ঘটনার পর নিহতের লোকজন উত্তেজিত হয়ে সন্দেহভাজন সন্ত্রাসীদের প্রায় ১৫টি ঘর ও দোকানপাট ভাঙচুর করেছে।
ঘটনার আগে মুর্শেদ আলী কানুরামপুর বাজারের তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলে আরোহী ছিল পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রামের নাজিম উদ্দিন ও কুতুবপুর গ্রামের মুজিবুর রহমান। মুখোশ পরিহিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে মুর্শেদ আলীকে কোপাতে শুরু করলে তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন সঙ্গী মুজিবুর রহমান। এ ঘটনার পর রাতেই আহত মুজিবুর রহমানকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেখানে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে। মুর্শেদ আলী হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে থানা পুলিশ নূরুল ইসলাম নূরু নামে একজনকে আটক করেছে। নিহতের স্ত্রী জানান, আমি খুনিদের ফাঁসি চাই।
নিহতের বড় ভাই সিদ্দিক আলী জানান, মুর্শেদ আলী বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিগতদিনের শত্রুরা সংঘবদ্ধভাবে এ খুনের ঘটনাটি ঘটিয়েছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিয়া জানান, একজনকে আটকের করা হয়েছে এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
