গাজীপুরে ভরাট পুকুরগুলো শিগিগরই পুনঃখনন

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০২

গাজীপুর সিটি করপোরেশনের অভ্যন্তরে ভরাট ও আংশিক ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃখনন করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিগিগরই পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হবে। গতকাল শনিবার সকালে শহরের সার্কিট হাউজ মিলনায়তনে গাজীপুর জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। সভায় জানানো হয়, গাজীপুর সিটি করপোরেশনে ২৩৭টি সরকারি খাস পুকুর রয়েছে। যার অধিকাংশ ভরাট ও আংশিক ভরাট হয়ে গেছে। সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির-বিন-আনোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সিনিয়র সচিব কবির-বিন-আনোয়ার গাজীপুরে ভরাট হয়ে যাওয়া পুকুরগুলোর তালিকা তৈরি করে একটি প্রস্তাবনা দ্রুত পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, এনডিসি মোস্তফা আব্দুল্লাহ আল-নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।