দোহারে সাংবাদিকদের কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০২

ঢাকার দোহারের সাংবাদিকদের কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকায় কার্যালয়টিতে আরটিভি, চ্যানেল ২৪, এশিয়ান টিভি, কালের কণ্ঠ, মানবজমিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা তাদের সংবাদসংক্রান্ত কাজ সম্পাদন করে থাকেন। দোহার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙচুরের বিভিন্ন আলামত জব্দ করেছে।

সাংবাদিকরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে কাজ শেষে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকালে সাংবাদিকরা কার্যালয়ে এলে সেখানে গ্লাস ভাঙচুর করা দেখা যায়। কার্যালয়টির সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা বড় আকারের দুটি পাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসের পুরো অংশ ভেঙে ফেলে। তাত্ক্ষণিকভাবে ঘটনাটি দোহার থানাপুলিশকে জানালে পুলিশ এসে বিভিন্ন আলামত জব্দ করে।

এ বিষয়ে আরটিভির স্টাফ রিপোর্টার অমিতাভ অপু জানান, যারা ঘটনাটি ঘটিয়েছে তারা পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। দোহার থানায় সাধারণ ডায়ারি করা হয়েছে।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দোষীদের শনাক্তে অভিযান চলছে।