সোনার দাম ভরিতে কমল দেড় হাজার টাকা

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০৪

প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে হবে ৭১ হাজার ৯৬৭ টাকা।

গতকাল শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রবিবার থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে আগামী ২০ জুন, রবিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ১ হাজার ৫১৬ টাকা কমানো হলো, তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২০ জুন থেকে ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।