ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দ্বিতীয় বার সাক্ষাত্ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার দিল্লিতে অমিত শাহের বাসভবনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি উদ্বিগ্ন। ভারতের স্বাধীনতার পর এত নির্বাচন-পরবর্তী সন্ত্রাস কোথাও হয়নি। পশ্চিমবঙ্গের পুলিশ ও প্রশাসনের উদ্দেশে তার আবেদন, আপনারা আচরণবিধি ও নিয়মনীতির সীমাবদ্ধতা মেনে চলুন।
যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য, রাজ্যপাল ভিত্তিহীন অভিযোগ করছেন। সাংবিধানিক পদের মর্যাদা ভূলুণ্ঠিত করছেন। বিধানসভা নির্বাচনে বড় পরাজয় হজম করতে পারেনি বিজেপি। তাই রাজ্যপালকে দিয়ে এসব করানো হচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবার দিল্লিতে গেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতার সঙ্গে সাক্ষাত্ করেন তিনি। সাক্ষাত্ করেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরির সঙ্গেও। গত বৃহস্পতিবার সাক্ষাত্ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তারপর ফের এদিনের সাক্ষাত্।
