গভীর রাতে আজিমপুরে তিতাসের লাইন ফেটে গ্যাস উদগীরণ

আপডেট : ২০ জুন ২০২১, ০০:০৯

রাজধানীর আজিমপুর কলোনির অগ্রণী স্কুলের পাশে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির দুইটি মেইন লাইন ফেটে গ্যাস উদিগরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে প্রচণ্ড শব্দে এ গ্যাস উদিগরণ শুরু হয়। পরে মাইকে সবাইকে নিরাপদে সরে আসার আহ্বান জানানোর পাশাপাশি আগুন না জ্বালানোর জন্য ঘোষণা দেওয়া হয়। এতে আতঙ্কে কলোনির বাসিন্দারা বাসা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।

হঠাত্ এমন অবস্থা শুরু হলে বারবার তিতাস কর্তৃপক্ষকে জানালেও তারা তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। পরে রাত পৌনে ৪টার দিকে তিতাসের জেনারেল (প্রশাসন) ম্যানেজার মনির হোসেন খানের হস্তক্ষেপে রাত সাড়ে ৪টার দিকে তিতাস কর্তৃপক্ষ গ্যাস উদিগরণ নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, তিতাসের বেশির ভাগ লাইনে মরিচা ধরার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বারবার তিতাস কর্তৃপক্ষকে জানানোর পরেও তারা এটি সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। ঘটনার পরে এলাকা পরিদর্শন করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা। আজিমপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, যে অবস্থা তিতাসের গ্যাস লাইনগুলোর, আবার যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে।