অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ছিলেন মোহাম্মদ নাসিম :মেনন

আপডেট : ২০ জুন ২০২১, ০০:১৯

১৪ দলের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতির মধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তী সময়ে প্রগতিশীল রাজনীতির ভাঙাগড়ার শিকার হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামে তিনি সংগঠকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে জিয়া-এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে রাজপথে লড়াই করেছেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেল-জুলুম, মামলা-হামলার শিকার হয়েছিলেন। বিএনপির আমলে তাকে রাজপথে রক্ত দিতে হয়েছে। জঙ্গিগোষ্ঠী বাংলা ভাইয়ের উত্থানের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। ১৪ দলের দায়িত্ব গ্রহণের পরে তিনি মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার যে সাহসী ভূমিকা পালন করেছেন তা এদেশের মানুষ চিরদিন স্মরণ করবেন।

গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে তোপখানা রোডে পার্টির অফিস চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এ কথা বলেন।

নগর পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি বক্তব্যে মো. নাসিমকে স্মরণ করার জন্য ওয়ার্কার্স পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় এমপি। এছাড়া স্মরণ সভায় বক্তব্য রাখেন ১৪ দলের অন্যতম শরিক ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ,  জাসদের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের আহ্বায়ক বাবুল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নগর নেতা শাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।