ছয় থেকে আট সপ্তাহের মধ্যে ভারতে আসছে করোনার তৃতীয় ঢেউ

আপডেট : ২০ জুন ২০২১, ০১:০০

ভারতে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসছে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে। এর আগেই কঠোর প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এক বিশেষজ্ঞ। এর আগেও বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন। তবে এবার কড়া সতর্কতার কথা জানিয়েছেন দিল্লির এইমস এর প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি তৃতীয় ঢেউকে অনিবার্য বলে উল্লেখ করেছেন। খবর এনডিটিভি ও কলকাতা নিউজ ২৪ এর

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে রণদীপ গুলেরিয়া বলেছেন, আগামী ছয়-আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আঘাত হানতে পারে। বর্তমানে দেশের প্রায় সর্বত্র লকডাউনের বিধিনিষেধ আরোপিত রয়েছে। এগুলো তুলে নেওয়া হলেই ফের আক্রমণাত্মক হয়ে উঠতে পারে করোনা।

রণদীপ গুলেরিয়া আরো জানিয়েছেন, বিধিনিষেধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কোভিড সচেতনতার অভাব দেখা দিয়েছে। প্রথম এবং দ্বিতীয় তরঙ্গে যা ঘটেছিল তা থেকে আমরা কিছু শিখেছি বলে মনে হয় না। তাই আবার জনসমাগম বাড়ছে। এর ফলে জাতীয় স্তরে আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে তা জানতে কিছুটা সময় লাগবে। তবে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে এটা ঘটতে পারে। অবশ্য সময় আরো কিছুটা দীর্ঘও হতে পারে। এর সবকিছুই নির্ভর করে আমরা বিধিনিষেধ কতটা মেনে চলছি এবং ভিড় রোধে কী ধরনের কার্যক্রম গ্রহণ করছি। করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের বিভিন্ন অঞ্চলে হাসপাতালের শয্যা ও চিকিত্সা সরবরাহের ঘাটতি দেখা দিয়েছিল। ভারতের পরিস্থিতি গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু এখন বেশি কয়েকটি রাজ্যে কয়েক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা উঠে গেলেই করোনার বিস্তার বা তৃতীয় ঢেউয়ের পথ প্রশস্ত হবে। অনেকেই বলছে, করোনার তৃতীয় তরঙ্গে সবচেয়ে বেশি প্রভাবিত হবে শিশুরা।

অনেকেই বলছে, করোনার তৃতীয় তরঙ্গে সবচেয়ে বেশি প্রভাবিত হবে শিশুরা। কিন্তু বিজ্ঞান সাময়িকী দ্য ল্যানসেট জানিয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে বলা যেতে পারে যে কোভিডের সম্ভাব্য তৃতীয় তরঙ্গে শিশুরা মারাত্মকভাবে সংক্রামিত হতে পারে। ল্যানসেটের বিশেষজ্ঞরা ভারতের করোনা টাস্ক ফোর্সের শিশু রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে।