মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে এক যৌথ সভায় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাকির হোসেনকে পুনরায় চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। একক দলীয় মনোনয়ন পাওয়ায় সকলেই এলজিআরডি মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আরো জানান, প্রার্থীদের তালিকা দলীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। উপজেলা গঠনের পর এখানে তৃতীয়বারের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন নিয়ে এখানে বিএনপি ও জাতীয় পার্টির মধ্যে তেমন কোনো তত্পরতা লক্ষ্য করা যায়নি।
