মানববর্জ্য ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনায় ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫১

ভ্রাম্যমাণ প্রতিনিধি

মানববর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনার জন্য গতকাল শনিবার বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ম্যাব’র পক্ষ থেকে সমিতির মহা-সচিব রফিকুল ইসলাম কোতোয়াল ও ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এ স্মারক স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পৌরসভার বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে। চলবে ২০২০ সাল পর্যন্ত। দেশের ৫টি পৌরসভায় বাংলাদেশ পৌরসভা সমিতি এ প্রকল্প বাস্তবায়ন করছে। পৌরসভাগুলো হচ্ছে, ঝিনাইদহ, শরীয়তপুর, পাবনার বেড়া, নাটোর ও লালমনিরহাট। প্রকল্পটি মানব বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকরি স্যানিটেশন ব্যবস্থাপনাসহ দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এসডিজি’র ৬নম্বর লক্ষ্যমাত্রা ‘সবার জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন’ অর্জনে ভূমিকা রাখবে।

 ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, পৌরসভা সমিতির মহাসচিব  মো: রফিকুল ইসলাম কোতোয়াল,  মধুখালী পৌর মেয়র মশিউর রহমান, এ প্রকল্পের আঞ্চলিক কো-অর্ডিনেটর অশিহ বুডিয়াটি ও পৌর কাউন্সিলর সমিতির সভাপতি সাইফুল ইসলাম মধু।