খুমেক করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০২১, ১১:২৭

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আইসিইউতে রয়েছেন ১৮ জন।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

করোনা নিয়ন্ত্রণে সমন্বয় নেই

এছাড়া হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৫৯ জন রোগী ভর্তি ছিলো। যার মধ্যে রেডজোনে ৯৮ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৮ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন। এদিকে শনিবার (১৯ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৬১৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৫০৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটের ১১ জন, যশোরের ছয়জন, সাতক্ষীরার তিনজন, নড়াইলের একজন, গোপালগঞ্জের একজন ও মেহেরপুরের একজন রয়েছে।

ইত্তেফাক/এএএম