উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম একসময় মঙ্গা এলাকা নামে পরিচিত ছিল। এখন সেই পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, তবে এই কুড়িগ্রাম জেলায় দারিদ্র্যের হার এখনো অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এ জেলার প্রতি ১০০ জনে ৭২ জনই গরিব, যার ফলে দেখা যায় যে এখানকার শিশুকিশোরেরা অল্প বয়সেই পেটের দায়ে অর্থ উপার্জনে লেগে যায়। কুড়িগ্রামে ১৯ শতাংশ শিশু কোনো না কোনো শ্রমে জড়িত। অথচ এই কুড়িগ্রামে ১৯৮৭ সালে সরকারি ভাবে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস প্রতিষ্ঠিত হয়, কিন্তু লোকসানের অজুহাতে একপর্যায়ে ২০১১ সালে মিলটির উত্পাদন বন্ধ হয়। এতে করে এই জেলায় বেকারত্ব আরো বেড়ে গেছে। বছরের পর বছর পার হয়ে যাচ্ছে তবুও কুড়িগ্রাম টেক্সটাইল মিল চালু হচ্ছে না। তাই, কুড়িগ্রাম টেক্সটাইল মিল পুনরায় চালুর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতে করে জেলার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে, বেকারত্ব কমে যাবে, আর্থিক সচ্ছলতা আসবে।
মোছা. জেলি খাতুন, রসুলপুর, কুড়িগ্রাম
