দাকোপে প্রধান সড়ক বেহাল

আপডেট : ২০ জুন ২০২১, ২১:০৭

দাকোপ (খুলনা) সংবাদদাতা

খুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা সদরের আঁচাভূয়া বাজার থেকে বৌমার গাছতলা বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ছে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন উপজেলার প্রধান এই সড়ক ছোট-বড় খানাখন্দে ভরা।

সরজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগ ১৯৯৬ সালে চালনা-খুলনা রুটের এই প্রধান সড়কটি পিচঢালাই দিয়ে নির্মাণ করে। সড়কটি দিয়ে এ উপজেলাসহ আশপাশ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাজারো লোক প্রতিনিয়ত খুলনা, চালনা বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় পিচঢালাই উঠে ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির কোনো কোনো স্থানে পায়ে হেঁটে চলাও কষ্টকর। অহরহ দুর্ঘটনা লেগেই আছে। জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা হলেও এ পর্যন্ত জনপ্রতিনিধিদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।

ভ্যান গাড়িচালক কুদ্দুস শেখ জানান, এই সড়কটি দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময়ে ধরে ঝুঁকিপূর্ণ রয়েছে। বর্তমানে ভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন কোনোরকমে চলাচল করে। অহরহ দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যে সড়ক ও জনপথ বিভাগের কিছু লোকজন এসে সড়কটি পরিমাপ করলেও সংস্কারের কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এ বিষয়ে চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস জানান, তিনি মাঝেমধ্যে খোয়া বালি দিয়ে কোনোরকম চলাচলের ব্যবস্থা করছেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) প্রকৌশলী মো. আনিসুরজ্জামান মাসুদ বলেন, অন্যান্য সড়কে কাজ চলছে। খুব দ্রুতই সড়কটির সংস্কার কাজ শুরু হবে।